সারা দেশে এক দিনে ২৪১ মৃতের মধ্যে ঢাকা বিভাগেই শতাধিক

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। এরমধ্যে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বাড়ায় শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে। ৪২ হাজার তিনটি নমুনা পরীক্ষা করে ১০ হাজার ২৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে ২২ হাজার ৬৫২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। সরকারি হিসাবে এক দিনে সেরে উঠেছেন ১৬ হাজার ৬২৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৮৮ হাজার ৪৮৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৮ হাজার ৯২১টি। গত এক দিনে করোনাতে রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৮ জন আর নারী ১১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ১০২ জন আর নারী মারা গেলেন ৭ হাজার ৫৫০ জন। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে এক জন। তাদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে সাত জন, রংপুর বিভাগে ১০ জন আর ময়মনসিংহ বিভাগে রয়েছেন ছয় জন। মারা যাওয়া ২৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৪ জন আর বাড়িতে মারা গেছেন ৯ জন।