বিদায় টোকিও অলিম্পিক গেমস

স্পোর্টস রিপোর্টার

শত বাধা, শত সমস্যার মধ্যেও জাপান সফলতা অর্জন করায় পটু। পরিশ্রমী জাতি হিসেবে তাদের কদর আছে দুনিয়া জুড়ে। জাপানিরা পারে না এমন কষ্টের কাজ নেই দুনিয়াতে। জাতীয় জীবনে যত বড় চ্যালেঞ্জ আসুক তা সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটাতে জীবনবাজি রাখতে প্রস্তুত জাপানিরা। আবারও প্রমাণ হয়ে গেল টোকিও অলিম্পিক গেমস আয়োজন করে। ২৩ জুলাই শুরু করে গতকাল ৮ আগস্ট শেষ হয়ে গেল টোকিও অলিম্পিক গেমসের ৩২তম আসর। ১৯৬৪ সালেও অলিম্পিক আয়োজন করেছিল জাপান। তবে এবার করোনার কারণে স্মরণীয় হয়ে থাকবে টোকিও অলিম্পিক।

করোনার কারণে এই গেমস এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়ে গেল। করোনা আমনভাবে জেঁকে বসেছিল যে, গেমস হবে কি না, তা নিয়েই দুশ্চিন্তা ছিল। জাপান ছেড়ে দিলে দুই দুটি দেশ এই গেমস আয়োজনে মুখিয়ে ছিল। কিন্তু ব্যর্থতা ঘাড়ে নিতে রাজি না। করোনার মধ্যে জাপানি নাগরিকের প্রায় ৮০ ভাগ অলিম্পিকের বিরুদ্ধে ছিল। নিশ্ছিদ্র অলিম্পিক আয়োজনের জন্য করোনা ঠেকানো হবে। গেমস ভিলেজে যেন করোনা ঢুকতে না পারে সেজন্য কঠিন জাল বিছিয়ে দিল আয়োজকরা। তার পরও গেমস ভিলেজে করোনা শনাক্ত হয়েছেন ক্রীড়াবিদ, কোচ কর্মকর্তা এমনকি আয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিও করোনা শনাক্ত হয়েছেন।

আগেই বলা হয়েছিল, যারা অংশগ্রহণ করতে জাপানে ঢুকবেন তারা জাপানের সাধারণ জনগণের সঙ্গে মিশতে পারবেন না। সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না।  গেমসে অংশগ্রহণকারীদের চলাচলের পথই হবে সম্পূর্ণ ভিন্ন। কেউ দেখবেও না জানবেও না। আর খেলা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জাপান ছাড়তে হবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাবে। অলিম্পিকে যারা অংশগ্রহণ করবেন তারা কেউ কোথাও গিয়ে কারো সঙ্গে দেখা করতে পারবেন না। গেমস ভিলেজ নামের খাঁচায় থাকতে হবে। এবার স্টেডিয়ামগুলোতে দর্শকও ঢুকতে দেওয়া হয়নি। যেখানে উন্মুক্ত স্থানে খেলা হয়েছে এবং রাস্তার দুই পাশে দাঁড়াতে পারবেন দর্শক, শুধু সেখানে দর্শক অনুমোদন দেওয়া হয়েছিল। পুরো ফাঁকা গ্যালারিতে খেলা হয়েছে। দর্শক ভিড় করেছিলেন টিভির পর্দায়।

গেমস শুরু হওয়ার পরই সবাই গেমস নিয়ে মেতে উঠেছিল। স্বর্ণপদকের লড়াইয়ে চোখ রাখতে ব্যস্ত হয়ে পড়েছিল। টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জয় করেছিলেন চীনের নারী শুটার। একটা সময় চীন আর জাপানিদের মধ্যে পদক লড়াই শুরু হলেও যুক্তরাষ্ট্র মাঝখান দিয়ে নজর কেড়ে নেয়। সঙ্গে যোগ দেয় গ্রেট ব্রিটেন। মূলত এই চারটি দেশই শীর্ষস্থান দখলে পদক জয়ে লড়াই করেছে। শ্রেষ্ঠত্ব দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী অলিম্পিক গেমস হবে ২০২৪ সালে, ফ্রান্সের প্যারিসে। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসে এবং ২০৩২ সালে ব্রিসবেনে হবে অলিম্পিক গেমস।