নিউজিল্যান্ড সিরিজে থাকবেন ব্যাটিং কোচ

স্পোর্টস রিপোর্টার

খণ্ডকালীন হিসেবে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছিল। জিম্বাবুয়ে সফরে তার কাজে খুশি ক্রিকেটাররা। তাই বিসিবি এ প্রোটিয়ার সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এগিয়েছে। আপাতত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সের সঙ্গে চুক্তির আগ্রহ আছে বিসিবির। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অবশ্য ছিলেন না তিনি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে প্রিন্সকে পাওয়া যাবে।

গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান এমনটাই সাংবাদিকদের বলেছেন। প্রিন্সের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেছেন, ‘প্রায় সব সম্পন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ্? নিউজিল্যান্ড সিরিজে আমাদের সঙ্গে থাকবে।’ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড।

তারপর ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ দলের। যদিও সিরিজটা এখন হচ্ছে না। ফাঁকা সময়ে কোনো সিরিজ আয়োজনের পরিকল্পনা নেই বিসিবির। বরং ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই ভালো মনে করছে বিসিবি। আকরাম খান বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো খেলোয়াড়দের একটু বিশ্রাম দেওয়া। শারীরিক ও মানসিকভাবে ওরা ক্লান্ত। যেহেতু কোয়ারেন্টাইনের ব্যাপার আছে, অন্তত সাত দিন আগে আমরা ওমানে যাব।’

অস্ট্রেলিয়ার মতোই সুযোগ-সুবিধা পাবে নিউজিল্যান্ড দল। সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা চাইলে পরিবারকে সঙ্গে রাখতে পারবেন। বিসিবি সেই সুযোগ দিবে ক্রিকেটারদের।

এদিকে করোনার কারণে বন্ধ ঘরোয়া ক্রিকেট। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের খেলায় ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। খুব শিগগিরই চট্টগ্রামে একটি ক্যাম্প হবে। আগামী মাসে তিনটি ওয়ানডে, দুইটি চার দিনের ম্যাচও খেলবেন ক্রিকেটাররা।

আকরাম খান গতকাল বলেছেন, ‘কিছু খেলোয়াড়দের নিয়ে ‘এ’ দল গড়ে এইচপিকে নিয়ে চট্টগ্রামে অনুশীলন করব। ২ তারিখ থেকে সেখানে তিনটা ওয়ানডে ও দুইটি চার দিনের ম্যাচ খেলব। ওদের খেলার কোনো সুযোগ নেই। খেলার মধ্যে থাকছে না। ওদের সুযোগ কম বলেই ট্রেনিংয়ে রাখছি।’