সিদ্ধিরগঞ্জে কলেজছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে মো. রানা হোসেন (২০) নামের এক কলেজছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রানা সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী দক্ষিণ নাভানা ভুঁইয়া সিটি এলাকায়। নিরীহ কলেজছাত্র খুন হওয়ায় এলাকাবাসী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রানার পিতা রায়হান পদ্মা ডিপোর জ্বালানি তেলবাহী ট্যাংক লরির চালক। রায়হান জানান, একই এলাকার খলিলের ছেলে বখাটে জীবন তার ছেলেকে ডেকে নিয়ে খুন করেছে। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জীবন রানার বুকের বাম পাশে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারতে থাকলে রানা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, শনিবার রাতেই রানার পরিবারের পক্ষ থেকে থানায় এসে ঘটনাটি অবহিত করেছেন।