লেবাননে ইসরাইলের বিমান হামলার বিরুদ্ধে আগামী দিনে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান-সমর্থিত লেবানিজ হিজবুল্লাহ সংগঠনের প্রধান হাসান নাসরাল্লাহ। তিনি শনিবার বলেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরাইলি অবস্থানের কাছে খালি জায়গায় রকেট ছুড়েছে। কিন্তু ভবিষ্যতে এই রকেট ছোড়ার পরিধি বাড়ানো হতে পারে। শনিবার কোনো বিমান হামলা হওয়ার খবর পাওয়া যায়নি এবং কেউ হতাহত হওয়ার খবরও এখন পর্যন্ত মেলেনি।
গত শুক্রবার হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর দিকে রকেট ছুড়লে ইসরাইলও পালটা জবাবে দক্ষিণ লেবাননে গোলা ছুড়ে। দুপক্ষই খালি জায়গায় রকেট ও গোলা ছুড়েছে। এতে কোনো পক্ষই যে যুদ্ধে জড়াতে চায় না সে ইঙ্গিতই মিলছে। তবে ইসরাইল এ সপ্তাহে লেবাননে যে বিমান হামলা চালিয়েছে তা ‘খুবই বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন নাসরাল্লাহ।
এমন বিমান হামলা গত ১৫ বছরে দেখা যায়নি। এর বিরুদ্ধে হুঁশিয়ার করে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ বলেছেন, ইসরাইলের যে কোনো বিমান হামলার জবাব ‘সমুচিত এবং সমানুপাতিকভাবে’ দিয়ে দেখাতে চায় তার সংগঠন। তিনি বলেন, ‘আমরা গত দিন ইসরাইলকে বার্তা দিতে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সেবা ফার্মস এলাকায় ইসরাইলি অবস্থানের কাছের খালি জায়গা বেছে নিয়েছি। ভবিষ্যতে আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারি।’
২০০৬ সালে ইসরাইলের সঙ্গে হিজবুল্লার একমাসের যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত দেখা যায়নি। তবে গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেটের জবাবে ইসরাইল থেকে কামানের গোলাবর্ষণের ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।