বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাটে ইজিবাইকের ধাক্কায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম শমছেল হক (৫৫)। তার বাড়ি উলিপুর উপজেলার দলদলিয়ায়। তিনি ওই গ্রামের মৃত নইমুদ্দিনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উলিপুর হতে একটি ইজিবাইক বৃহস্পতিবার দুপুরে রাজারহাট আসছিল। পথে রাজারহাট-নাজিমখান সড়কের আজিজার রহমানের চাতালের পাশে ইজিবাইকটি শমছেল হককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় এলাকাবাসী ছুটে এসে ইজিবাইকসহ চালককে আটক করে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘাতক ইজিবাইকটি নাজিমখান এলাকা আ. হাকিমের বলে এলাকাবাসী জানায়। উল্লেখ্য, ঘাতক ইজিবাইকটি চরমোনাই পীরের মিনি ইজতেমার মাইকিং করার জন্য ওই এলাকায় গিয়েছিল।
আরও পড়ুনঃ বিশ্বম্ভরপুরে ব্রিজ ভেঙ্গে ট্রাক পানিতে, ২ হেলপার নিহত
রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু