সীতাকুণ্ডে উপকূলীয় বন উজার করে শিপ ইয়ার্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে এমপির নির্দেশ অমান্য করে উপকূলীয় বন উজারের মাধ্যমে শিপ ইয়ার্ড করার প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুর ২টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মোঃ আশরাফুদ্দৌলা রহমান বলেন, ‘সলিমপুর ভাটিয়ারী তুলাতুলি মৌজার সংরক্ষিত উপকূলীয় বন উজাড় করে শিপ ইয়ার্ড নির্মাণের নামে উদ্যোগ নেয় ব্যবসায়ী আবুল কাশেম ওরফে রাজা কাশেম। সে যে জায়গায় তার বিবিসি স্টিল নামে শিপ ইয়ার্ড করতে চায় সেখানে আমাদের এলাকার বেশ কয়েকজনের নিজস্ব জায়গায় চিংড়ির ঘের আছে। আর সলিমপুর ঝুনা মার্কেট এলাকার ১নং খাস খতিয়ানে কাট্টলী বন বিটের অধীনে সুবিশাল সরকারি বনভূমিও আছে। তাছাড়া বাংলাদেশ গেজেটে তুলাতুলি মৌজায় শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ নিষিদ্ধ করা হয়। বন ও তুলাতুলি মৌজায় শিপ ইয়ার্ড করা নিষিদ্ধ থাকলেও রাজা কাশেম বিভাগীয় এক উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ভূমি অফিসকে প্রভাবিত করে সার্ভেয়ার রিপোর্টে বনায়নের তথ্যটি গোপন করে লিজ প্রদানের সুপারিশ করে।’

তিনি বলেন, ‘এই রাজা প্রতিদিন রাতের অন্ধকারে ১০-১৫টি গাছ কর্তন করতে থাকে। আমরা বাধা দিতে গেলে আমাদের সন্ত্রাসী দিয়ে মারধর করে। পরে উল্টো আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে। সে আমাদের এমপির নিদের্শ অমান্য করেও গাছ কাটা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজ আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রীর কাছে অনুরোধ জানাই, রাজার এ ধরনের বন উজাড়ের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ এ উপকূলীয় বন উড়ার হয়ে গেলে আমাদের এলাকাসহ চিংড়ী ঘের ব্যবসায়ীদের সর্বনাশ হয়ে যাবে।পুরো এলাকা জলোচ্ছাসের সময় পানির নিচে তলিয়ে যাবে।’

আরও পড়ুনঃ রাজারহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ আশরাফুদ্দৌলা রহমান মোঃ আমজাদ হোসেন, মোঃ নিদোয়ান উদ্দিন সাইমুন, মোঃ কায়ছারুল আলম প্রমূখ।

ইত্তেফাক/নূহু