আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি তালিকা কেন্দ্রীয় কমিটির দপ্তরে জমা দেওয়া হয়েছে। ওই তালিকায় রাজশাহীর ৯টি উপজেলার চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ৫৫ জনের নাম রয়েছে বলে জানা গেছে।
চারঘাট উপজেলায় একক প্রার্থী হিসেবে ফকরুল ইসলামের নাম রয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি নাম রয়েছে পুঠিয়ার। বর্তমান ও সাবেক এমপির নেতৃত্বে পুঠিয়া উপজেলার চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘জেলার ৯টি উপজেলা থেকে ৫৫ জনের নাম এসেছে। উপজেলা নেতৃবৃন্দ বর্ধিত সভা করে জেলায় তালিকা পাঠিয়েছেন। উপজেলা থেকে পাঠানো সবার নামই কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়া হয়েছে। দল থেকে মনোনয়নপত্র বিতরণ উন্মুক্ত করে দেওয়ায় তালিকার বাইরের অনেকে নেতাকর্মী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
জানা গেছে, মঙ্গলবার বাগমারা উপজেলা থেকে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু ও বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।
বুধবার পর্যন্ত পুঠিয়ার চেয়ারম্যান পদে ছয়জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হচ্ছেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হিরা বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও সদস্য গোলাম ফারুক, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম কনক ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম।
আরো পড়ুন: এপ্রিলের মধ্যে অর্ধেক সেনা ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র : তালেবান
বুধবার পর্যন্ত বাঘা উপজেলার চেয়ারম্যান পদে তিনজনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। তারা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী। এছাড়া তানোর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুবলীগের সভাপতি লুৎফর রহমান ময়না দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইত্তেফাক/অনি