আফগানিস্তানে আরো একটি প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান

রেডিও স্টেশনের ব্যবস্থাপককে হত্যা ও সাংবাদিককে অপহরণ

বিবিসি, আলজাজিরা ও রয়টার্স

আফগানিস্তানে ক্রমেই আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে তালেবান। রবিবার এক দিনেই দেশটির তিন প্রাদেশিক রাজধানী দখল নিতে সমর্থ হয়েছে তালেবান যোদ্ধারা। কৌশলগতভাবে এই শহরগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক রেডিও স্টেশনের ব্যবস্থাপককে হত্যা ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে এক সাংবাদিককে অপহরণ করেছে সন্দেহভাজন তালেবান সদস্যরা।

গত শুক্র ও শনিবার একটি করে প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছিল তালেবান। তবে রবিবার এক দিনে তাদের তিন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা তাত্পর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। এদিন দখলকৃত তিন শহর হচ্ছে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল এবং উত্তরপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান বাহিনী। এদিকে রবিবার তিন প্রাদেশিক রাজধানী দখলের আগের দিন শনিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বি-৫২ বোমারু বিমান দিয়ে এসব হামলা চালায় মার্কিন বাহিনী। তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির বিমান বাহিনীকে এই হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে জাওযজান প্রদেশের রাজধানী শেবারগানের পতন হয়। স্থানীয় এমপি হালিমা সাদাফ জানিয়েছেন, দিনের বেলায় শহরটি আফগান বাহিনীর হাতছাড়া হওয়ার পর রাতেই সেখানে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে তাদের প্রায় শখানেক সদস্য নিহত হয়। এর মধ্যেই রবিবার নতুন করে আরো তিন প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিলো তালেবান। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক রেডিও স্টেশনের ব্যবস্থাপককে হত্যা ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে এক সাংবাদিককে অপহরণ করা হয়েছে। সন্দেহভাজন তালেবান যোদ্ধারা এসব ঘটনা ঘটিয়েছে বলে সোমবার স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার বন্দুকধারীরা পরিকল্পিতভাবে পাকতিয়া ঘাগ রেডিওর স্টেশন ব্যবস্থাপক তুফান ওমরকে গুলি করে হত্যা করেছে। ওমর আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যমের সমর্থক গোষ্ঠী এনএআইয়ের একজন কর্মকর্তা। এনএআইয়ের প্রধান মুজিব খেলওয়াতগার বলেছেন, ‘অজ্ঞাত বন্দুকধারীরা ওমরকে গুলি করে হত্যা করেছে। সে উদার মানুষ ছিল। স্বাধীনভাবে কাজ করার জন্য আমাদের লক্ষ্যস্থল করা হচ্ছে।’ তালেবান এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছেন কাবুলের সরকারি কর্মকর্তারা।গত মাসে এনএআই জানিয়েছিল, জঙ্গি গোষ্ঠীগুলো চলতি বছর আফগানিস্তানে ৩০ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা, আহত অথবা অপহরণ করেছে। হেলমান্দ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার তালেবান যোদ্ধারা স্থানীয় সাংবাদিক নেমাতুল্লাহ হেমাতকে প্রাদেশিক রাজধানী লস্কর গা থেকে অপহরণ করেছে। হেমাতের কর্মস্থল বেসরকারি টেলিভিশন চ্যানেল ঘারঘাশত টিভির প্রধান রাজওয়ান মিখায়েল বলেছেন, ‘তালেবান হেমাতকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। আমরা সত্যি আতঙ্কের মধ্যে আছি।’