আগামীকাল থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক লেনদেন সময়সূচিতে ফিরবে ব্যাংক। কর্মীদের পালাক্রমে দায়িত্বপালনও উঠে যাবে। খোলা থাকবে সব শাখা ও অফিস। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক খোলা থাকবে বিকাল ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, আগামী বুধবার থেকে তার কোনোটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার কারণে এত দিন ব্যাংক সেবা সীমিত করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। ৫ এপ্রিল থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করলে সীমিত পরিসরে চলে ব্যাংকিং কাজ। সর্বশেষ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৮ জুন সীমিত ও পরে ১ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। তারপর ৪ জুলাই ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। পরে ১১ জুলাইও ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে আবার করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় গত সপ্তাহের রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সপ্তাহে শুধু রবিবার বন্ধ গেছে। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।