স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলে টিকাদান কর্মসূচি চলাকালীন এক স্বাস্থ্য সহকারীকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় কনকদিয়া ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বাস্থ্য সহকারী আল আমিন সিকদার সোমবার দুপুরে বাউফল থানায় এ মামলা দায়ের করেন।

জানা গেছে, গত শনিবার বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোভিড-১৯-এর টিকাদান কর্মসূচি চলাকালীন চেয়ারম্যান শাহিন হাওলাদার ভোটার আইডি কার্ডের ফটোকপি রেখে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের চাপ প্রয়োগ করেন। এসময় ঐ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মো. আল আমিন সিকদার সরকারি নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে টিকা দেওয়ার কথা বললে চেয়ারম্যান শাহিন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন। এ সময় তিনি (চেয়ারম্যান) সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাছলিমা নাজনিনকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। সে সময় প্রায় এক ঘণ্টা টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। বাউফল থানার ওসি আল মামুন সোমবার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চেয়ারম্যান শাহিন হাওলাদার গত ২৫ জুন সালিশ বৈঠকে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করে ব্যাপক সমালোচিত হন। পরে তার বিরুদ্ধে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে।