বাহুবলে প্রশ্ন ফাঁসের অপরাধে শিক্ষককে ২ বছরের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে নকল করার দায়ে ৭ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ সময় পরিক্ষার্থীদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ওই শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক রকেট উদ্দিন বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ‘বৃহস্পতিবার সকাল ১০টায় বাহুবল ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষক রকেট উদ্দিন। যদিও তিনি এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেউ নন। সংরক্ষিত প্রশ্নপত্রের কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন ব্যবহার করে এগুলো বাইরে সরবরাহ করছিলেন। এ সময় দায়িত্বপ্রাপ্তরা তাকে আটক করে। তার নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এগুলো যাচাই বাছাই এবং পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোবাইল কোর্টে উল্লেখিত সাজা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ রংপুরে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

এদিকে এসএসসি পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোবাইল ব্যবহারের মাধ্যমে নকল করায় ৭ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় তাদের সকলের নিকট থেকেই একটি করে মোবাইল ফোন জব্দ করা হয়।

ইত্তেফাক/নূহু