গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ দুর্বৃত্তকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর ফায়ার সার্ভিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে—নরসিংদী মনোহরদী থানার মধুশাল এলাকার শফি উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, নরসিংদী সদরের মাটি এলাকার বাবুল মিয়ার ছেলে অন্তর মিয়া, মাদারীপুরের কালকিনি থানার টুংচর এলাকার আব্দুল আজিজের ছেলে মেহেদী হাসান ওরফে মিঠু, জামালপুরের সরিষাবাড়ি থানার বাউসী গজারিয়া এলাকার কেসমত খানের ছেলে জহির খান ও একই এলাকার বাদশা মিয়ার ছেলে মাসুদ।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় রাস্তার ওপর একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ঐ এলাকায় অভিযান চালানো হয়।
রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালাতে চেষ্টা করে। এ সময় তাদের পিছু ধাওয়া করে ঐ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। অন্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি লোহার কাটার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।