যুবলীগের উদ্যোগে বিনা
মূল্যে অক্সিজেন বিতরণ
ইত্তেফাক রিপোর্ট
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, এ দেশের মুক্তিসংগ্রামের নেপথ্যের বড় গেরিলাযোদ্ধার নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক দূরদর্শিতা, সরলতা ও মহানুভবতা দেখতে পাই, তা তিনি বঙ্গমাতার চারিত্রিক গুণাবলি থেকে লাভ করেছেন। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের উদ্যোগে রাজধানীর হাসপাতালসহ বিভিন্ন জেলায় যুবলীগের অক্সিজেন ব্যাংকগুলোতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মাজেদা হাসপাতাল অক্সিজেন ব্যাংক, শেখ ফজলুল হক মনি ও আরজু মনি অক্সিজেন ব্যাংক (যশোর)কে ১২০ কেজি ওজনের ১০টি করে সিলিন্ডার এবং গাজীপুর মহানগর যুবলীগ, পাবনা জেলা যুবলীগ, কুমিল্লা মহানগর যুবলীগ, খুলনা মহানগর যুবলীগ, মাগুরা জেলা যুবলীগ, লক্ষ্মীপুর জেলা যুবলীগ, সিলেট মহানগর যুবলীগ, ময়মনসিংহ জেলা যুবলীগ, পটুয়াখালী জেলা যুবলীগ, কুড়িগ্রাম জেলা যুবলীগ, চাঁদপুর জেলা যুবলীগ ও শরীয়তপুর জেলা যুবলীগের অক্সিজেন ব্যাংকে ৩০ কেজি ওজনের পাঁচটি করে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।