রাজধানীর মিরপুরের বেগম রোকেয়া সরণির কাজীপাড়া থেকে মনিপুর মাইকওয়ালা মসজিদ হয়ে ৬০ ফিট পর্যন্ত যাতায়াতের এই ব্যস্ত রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে নানা সম্যায় জর্জরিত। এই এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয়প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা রাস্তাটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটির কিছু কিছু স্থানে হাঁটুপানিতে ডুবে থাকে। এই এলাকার ড্রেনেজব্যবস্থা এতই খারাপ যে, সামান্য বৃষ্টিতে ডুবে থাকা রাস্তার পানি সরতে দীর্ঘ সময় লেগে যায়। এছাড়া খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় যে কোনো ধরনের যান চলাচল করতে অনীহা প্রকাশ করে। দ্বিগুণ ভাড়া দিলেও রিকশা পর্যন্ত চলতে চায় না। দীর্ঘদিন রাস্তাটির এমন অবস্থা দেখে এটির কোনো যথাযথ কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না। বেগম রোকেয়া সরণির কাজিপাড়া থেকে ৬০ ফিট হয়ে মিরপুর-১ নম্বর এবং গাবতলী যেতে সহজতম পথ হিসেবে এই রাস্তাটি ব্যবহার করা হয়; কিন্তু প্রয়োজনের তুলনায় রাস্তাটি সরু হওয়ায় দুইটি গাড়ি পাশাপাশি ক্রস করতে কষ্ট হয়। ড্রেনেজব্যবস্থা খারাপ থাকায় জমে থাকা পানিতে বিশেষ করে বর্ষাকালে এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে ওঠে। সুয়ারেজ লাইনে জমে থাকা পানি ত্রুটিপূর্ণ ওয়াসার পাইপলাইনে ঢুকে দুর্গন্ধময় হয় এবং সেই পানি এলাকার বাসাবাড়িতে ব্যবহারের সময় এন্তার অভিযোগের চিত্র প্রতিনিয়ত লক্ষ করা যায়। তাই এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জরুরিভিত্তিতে রাস্তাটি সংস্কার করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুল বাসেত আকন
কাজীপাড়া, মিরপুর, ঢাকা