বগুড়া সদরের তেলিহারা গ্রামে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের মারপিটে মোকলেছার রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের সদরের গোকুলে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানায়, ‘বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় করতোয়া নদী থেকে উত্তোলন করা বালু কেনা-বেচা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরমধ্যে গত মঙ্গলবার ওই গ্রামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী প্রেমের টানে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। ফলে উত্তোলন করা বালুর কেনা-বেচা নিয়ে পুরনো সেই বিরোধ তুঙ্গে ওঠে। ওই ঘটনায় স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে অভিযুক্ত সেই প্রেমিকের এক চাচাতো ভাইকে পুলিশ আটক করে।’
শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, ‘তার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক সেই স্কুলছাত্রীকে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে তার বাবা-মার হেফাজতে দেন।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় এক পক্ষ প্রতিপক্ষের ওপর ক্ষুব্ধ হয়। তারা প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। নিহত মোকলেছার রহমান স্কুলছাত্রীর পক্ষের ছিলেন।’
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, ‘শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় একটি কালভার্ট নির্মাণের জন্য বেশ কিছুদিন আগে পাশের করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে রাখা হয়। ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক ভান্ডারপাইকা গ্রামে ড্রেন নির্মাণের জন্য বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উত্তোলন করে রাখা সেই বালু ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিলো। কালভার্ট নির্মাণের জন্য তুলে রাখা বালু অন্যত্র নিয়ে যাওয়ায় প্রতিপক্ষ এই বলে সন্দেহ করে যে, ইউপি সদস্য ইমদাদুল হক কোথাও বালু বিক্রি করছে।
তিনি বলেন, ‘ওই সন্দেহ থেকে এক পক্ষ ওই বালু পরিবহনে বাঁধা দেন। এ নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তেলিহারা উত্তরপাড়া এলাকায় মারপিটের ঘটনা ঘটে। এতে ৩জন আহত হয়। পরে খবর পেয়ে মোকলেছার রহমান ঘটনাস্থলে গেলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত মোকলেছারকে পরে পাশের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।’
আরও পড়ুনঃ বাহুবলে প্রশ্ন ফাঁসের অপরাধে শিক্ষককে ২ বছরের কারাদণ্ড
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ‘উত্তোলন করা বালুর ভাগবাটোয়ারা নিয়ে আগে থেকেই কিছু সমস্যা ছিল। তবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় পুরনো বিরোধ তুঙ্গে ওঠে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
ইত্তেফাক/নূহু