তিতাসে চিকিত্সককে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি

কুমিল্লার তিতাসের শাহপুর শান্তির বাজারে চিকিত্সকের চেম্বারে ঢুকে স্থানীয় সন্ত্রাসী সাগরের অস্ত্র দেখিয়ে ফিল্মি স্টাইলে চাঁদা আদায়ের সিসি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। রবিবার বিকালে এ ঘটনার পর রাতে সামছুল হুদা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ফেসবুক লাইভে আসেন এবং সিসি ফুটেজটি ভাইরাল করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার           পর গতকাল তিতাস থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে আটক এবং তার স্বীকারোক্তিতে শাহপুরের নিজ বসতঘর থেকে ব্যবহূত অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা যায়, অস্ত্র, মাদক ও মারামারিসহ আট মামলার আসামি সাগরের অত্যাচারে উপজেলার শাহপুর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার নেতৃত্বে মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের একটি চক্র গড়ে ওঠে। সাগর রবিবার বিকালে শাহপুর শান্তির বাজারের চিকিত্সক সামছুল হুদার চেম্বারে ঢুকে বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকা চাঁদা নেন এবং আরো ২ লাখ টাকা দাবি করেন। বিষয়টি কাউকে জানালে গুলি করে হত্যার হুমকি দেন। চাঁদাবাজির সিসি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে নড়ে-চড়ে বসে প্রশাসন।

সাগরকে আটকের জন্য জেলা ডিবি পুলিশ ও তিতাস থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার ভোরে রাজধানীর ডেমরা থানার মাতুইয়াল এলাকার ভাড়া বাসার ওয়ার্ডরোবের ভেতর থেকে সাগরকে আটক করা হয়। আটকের পর স্বীকারোক্তি মোতাবেক সাগরের শাহপুরের বসতঘরের বিছানার নিচ থেকে ২ রাউন্ড গুলিসহ ব্যবহূত অস্ত্রটি উদ্ধার করা হয়।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সাগরের বিরুদ্ধে তিতাস থানায় অস্ত্র, মাদকসহ আটটি মামলা রয়েছে। ভুক্তভোগী সামছুল হুদা এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে নিয়মিত মামলা হবে। তবে আমরা ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে তাকে গ্রেফতার করেছি।