পরিস্থিতি বিবেচনায় ফের কঠোর বিধিনিষেধ আসতে পারে :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার বিধিনিষেধ আপাতত শিথিল করলেও পরিস্থিতি বিবেচনায় আবারও একই সিদ্ধান্ত আসতে পারে। গতকাল সোমবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উত্সমুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ  স্থাপন শীর্ষক প্রকল্পের পূর্ত কাজ দুটি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি থেকে বিএনপিকে শিক্ষা নেওয়া উচিত এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের প্রতি শেখ হাসিনার ‘ডিপ অ্যান্ড এবাইডিং’ কমিটমেন্ট   থেকে বিএনপি চাইলে অনেক কিছুই শিখতে পারত। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হচ্ছে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। রক্তাক্ত ষড়যন্ত্রে বিএনপির অতীত কলংকিত।’ মন্ত্রী বলেন, গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখে কাণ্ডজ্ঞানহীন সমালোচনা প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীদের গণহতাশার বহিঃপ্রকাশ। তিনি বলেন, দেশের সড়ক-মহাসড়কে এত উন্নয়ন হচ্ছে, নেওয়া হচ্ছে একাধিক প্রকল্প। তবুও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আসায় সড়ক মন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যে কোনো মূল্যে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

নিশ্চয়তা দেবে কে : আজ বুধবার থেকে শিথিল করা হচ্ছে চলমান বিধিনিষেধ। এ দিন থেকে গণপরিবহন চলবে জানিয়ে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, মোট সংখ্যার অর্ধেক বাস চলাচল করবে। এ সিদ্ধান্তের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অর্ধেক বাস চলবে আর অর্ধেক চলবে না—এটার নিশ্চয়তা দেবে কে?’ অর্ধেক পরিবহন চলবে প্রজ্ঞাপনের বিষয় নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের, সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হতো।