টোকিও অলিম্পিকসে যত রেকর্ড

করোনা ভাইরাসকে একপাশে রেখে গত পরশু শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উত্সব। ১৭ দিনের শেষ দিন পর্যন্তও পদক তালিকায় ছিল জমজমাট লড়াই। যেখানে চীনকে (৩৮) পেছনে ফেলে ৩৯টি স্বর্ণ জিতে চূড়ায় থেকে টোকিও অলিম্পিকসের মঞ্চ ছাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

অলিম্পিকের প্রতিটি আসরের মতো এবারও ছিল রেকর্ডের ছড়াছড়ি। টোকিও অলিম্পিকসের পরিসংখ্যানগুলো একনজরে তুলে ধরা হলো ইত্তেফাকের পাঠকদের জন্য :

বিশ্বরেকর্ড

টোকিও অলিম্পিকসে এবার মোট ২২টি ইভেন্টে হয়েছে বিশ্বরেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি সাতটি রেকর্ড ভেঙেছে সাইক্লিং ট্যার্কে। তাছাড়া সাঁতারে পাঁচটি, ভারত্তোলনে ৪টি, অ্যাথলেটিকসে ৩টি এবং শুটিং ও স্পোর্ট ক্লাইম্বিংয়ে একটি করে বিশ্বরেকর্ড হয়েছে। চমকপ্রদ বিষয় হলো ভারত্তোলনে চারটি বিশ্বরেকর্ডের তিনটিই গড়েছেন জর্জিয়ার কিংবদন্তি ভারত্তোলক লাশা তালাখাদজে।

সেরা অ্যাথলেট

অলিম্পিক ও সাঁতারের রাজা মাইকেল ফেলপস পুল ছাড়ার পর তার উত্তরসূরি হিসেবে ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেল। টোকিও অলিম্পিকসে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৫টি স্বর্ণ লাভ করেন এই সাঁতারু। দ্বিতীয় সর্বোচ্চ চারটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ জিতেন অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাকিওন। তিনটি স্বর্ণ ও এক ব্রোঞ্জ জিতে তৃতীয়তে আছেন তারই স্বদেশি সাঁতারু কেলি ম্যাকিওন।

রোমাশিনার ইতিহাস

টোকিও অলিম্পিকস শেষ করবেন সেটা আগেই জানিয়েছিলেন। ক্যারিয়ারের শেষ বেলায় এসেও স্বর্ণ জয়ের পেছনে কোনো ছাড় দেননি সভেতলানা রোমাশিনা। আর্টিস্টিক সুইমিংয়ের ইতিহাসে সর্বোচ্চ সাতটি স্বর্ণ জিতে অবসরে যান এই রাশিয়ান। চারটি অলিম্পিক খেলে এই কীর্তি গড়েন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজত্ব

গত সাত অলিম্পিকের ছয়টিতেই পদক তালিকার শীর্ষে থেকে শেষ করল যুক্তরাষ্ট্র। চীন, জাপান, গ্রেট ব্রিটেনের বাইরে প্রথম বারের মতো ছয়ে থেকে আসর শেষ করল অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিজেদের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড গড়েছে ইতালি (৪০টি পদক), নেদারল্যান্ডস (৩৬), নিউজিল্যান্ড (২০), ব্রাজিল (২১)।

 

ইত্তেফাক/ইউবি