পরীমণির মামলাসহ ১০ মামলার তদন্তের দায়িত্ব চায় র‌্যাব

চিত্রনায়িকা পরীমণি, প্রয়োজক নজরুল ইসলাম রাজ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ ১০টি মামলার তদন্তভারের অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে র‌্যাব। গত রবিবার এই আবেদন করা হয়। পুলিশ সদর দপ্তরের অনুমতি মিললে মামলাগুলো র‌্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করবে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সোমবার বলেন, হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, নজরুল ইসলাম রাজ, জিসান, মিশুসহ যেসব আসামিকে র‌্যাব গ্রেফতার করেছে, সেসব মামলার বাদী র‌্যাব। ঐ মামলাগুলোর তদন্তভার র‌্যাবকে দেওয়ার অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে গত রবিবার একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ২৯ জুলাই গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান ও পল্লবী থানায় পৃথক পাঁচটি মামলা করে র‌্যাব। ৪ আগস্ট র‌্যাব বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেফতার করে।

র‌্যাবের পক্ষ থেকে পরীমণি ও নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দুটি মামলা করা হয়। এরপর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মাসুদুল ইসলাম জিসান ও শরফুল হাসান মিশুকে অস্ত্র, মাদক, অশ্লীল ভিডিওসহ গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ভাটারা থানায় পৃথক তিনটি মামলা করা হয়।

ইত্তেফাক/এমআর