রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৫ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ২ জন এবং করোনার উপসর্গে ১৪ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন, নওগাঁর ৪ জন, পাবনার ৪ জন। তিনি জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৮০ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।
রামেক হাসপাতাল পরিচালক জানান, সোমবার স্থানীয় দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন রাজশাহী জেলার ৩৮১ নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৫ শতাংশ কম। এদিনের শনাক্তের হার ২৩ দশমিক ১০ শতাংশ। আগের দিন রবিবার ছিল ২৭ দশমিক ২৫ শতাংশ। এছাড়া শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ, বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ, বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ, মঙ্গলবার ২৪ দশমিক ৯৩ শতাংশ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ৮৬ জনের নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৩ শতাংশ। আগের দিন রবিবার শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ।
ইত্তেফাক/এমআর