শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোররাতে কলারোয়ার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর জানান, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

প্রায় ১৩ বছর পর ২০১৫ সালে আদালতে এই মামলার চার্জশিট দেওয়া হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর পর ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে কোয়াশমেন্ট করেন আসামিরা। এরপর চলতি বছরের ২২ অক্টোবর মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করে ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার জন্য সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ৪ নভেম্বর মামলাটির বিচার কাজ নতুন করে শুরু হয়।

ইত্তেফাক/এমআর