ঘোপের খালের সেতুটি চলাচলের অযোগ্য

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সংস্কার না হওয়ায় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ঘোপের খালের সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা নানাভাবে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করলেও গত তিন মাস ধরে তাও বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, সেতুটি মেরামতের জন্য যে বরাদ্দ দরকার তা এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের নেই। বরাদ্দ পেলে ব্যবস্থা করা হবে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, সেতুটি পুনর্নির্মাণ করতে হবে। বরাদ্দসাপেক্ষে সেতুটি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।