কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নিখোঁজের এক দিন পর সজল মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিজিবি ক্যাম্প সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সজল মিয়া জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। নিহতের মা জোহরা বেগম বলেন, তার ছেলে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেনি। সকালে লোকজনের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন ছেলের (সজল মিয়া) লাশ পড়ে আছে। তিনি ঘাতকদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ওপ্পেলা রাজু নাহা জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডির টিম কাজ করছে। নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।