নড়াইল প্রতিনিধি
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নড়াইলের জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সকালে সুলতান সংগ্রহশালা চত্বরে কোরআনখানি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবার করোনা সংকটের জন্য জন্মদিনের আয়োজন সংক্ষিপ্ত পরিসরে পালন করা হয়েছে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।