চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় সাত জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছয় জন নারী ও একজন পুরুষ। সোমবার রাতে চৌগাছা থানার এসআই এনামুল ও এএসআই সাইদুল ইসলাম উপজেলার ভারত সীমান্তের সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন—বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের গোবিন্দবালা (৪০), তার স্ত্রী পদ্মবালা (৩৫), মেয়ে প্রিয়াংকা বালা (১৯), ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালদিঘি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল করিম (৩৫), নড়াইল সদর উপজেলার চন্ডিপুর গ্রামের শফিক শেখের মেয়ে রাবেয়া খাতুন (২০), বেন্দাচর গ্রামের আলী মিয়ার মেয়ে রুনা খানম (২০) ও কালিয়া উপজেলার খোরোলিয়া গ্রামের বাবুল সরদারের মেয়ে রিমা বেগম (২০)।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হয়েছে।