বরিশালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

বরিশাল অফিস

বরিশাল বিভাগে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়। মৃত ১০ জনের মধ্যে বরিশালে পাঁচ জন, ভোলায় তিন জন, পটুয়াখালীতে এক জন ও পিরোজপুরে এক জন রয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সাত জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৯ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৫৬ জন।