খুলনা অফিস
খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ারের অভিযোগে তানজীর তাজ (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানজীর তাজ খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, তানজীর তাজ তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরি করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। বিষয়টি নিয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ৈ সজল খুলনা সদর থানায় অভিযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ অভিযান চালিয়ে তানজীর তাজকে গ্রেফতার করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।