আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার গোলচত্বর যাত্রী ছাউনি ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়েছে র্যাব। এ সময় একটি স্কুলব্যাগ, দুইটি কাঁঠালের ভেতর ও একটি মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় পাঁচ জনকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল যাত্রী ছাউনির কাছে একটি স্কুলব্যাগ ও দুটি কাঁঠালের মধ্যে অভিনব কায়দায় রাখা ১৩.৫ কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া, চন্দন কুমার শাহা, আলী আকবর ও মো. আমিনকে আটক করে। এছাড়া আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা ৩.৫ কেজি গাঁজাসহ মো. আমির হোসেনকে আটক করা হয়। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।