উভয় বাজারে দরপতন

ইত্তেফাক রিপোর্ট

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার দেশের শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের পতন হয়েছে। সব কটি মূল্যসূচকের পতনের সঙ্গে দরপতন হয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল মূল্যসূচকের পতনে বড় ভূমিকা রেখেছে খাদ্য, বস্ত্র, বিদ্যুত্ ও জ্বালানি এবং ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলো। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে একটির। বাকি তিনটির দাম অপরিবর্তিত রয়েছে। আর আর্থিক খাতের ২৩টির মধ্যে ২২টির শেয়ারের দাম বেড়েছে। বাকি একটির শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

অন্যদিকে খাদ্য খাতের ২০টি কোম্পানির মধ্যে ছয়টি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪টির। বস্ত্র খাতের ২৪টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৩২টির। এছাড়া বিদ্যুত্ ও জ্বালানি খাতের পাঁচটি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ১৮টির দাম কমেছে। ওষুধ খাতের কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯টির এবং দাম কমেছে ২১টির। এর ফলে ব্যাংক ও আর্থিক খাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পরও ডিএসইতে সব খাত মিলে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২২৩টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। ইসলামি শরিয়াহ্র ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০৪ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার মধ্যে রয়েছে—ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, এমএল ডাইং ও জিপিএইচ ইস্পাত।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৬টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।