বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট

এ যেন এক নতুন বাংলাদেশ! তারুণ্যের শক্তিতে টাইগাররা জয় করে নিয়েছে ক্যাঙ্গারুদের অনন্ত গৌরব। যেখানে অভিজ্ঞতার সঙ্গে ইচ্ছাশক্তির সঞ্চার করে ইতিহাস গড়েছে টাইগার বাহিনী, লজ্জার মালা পরিয়ে দিয়েছে ক্রিকেট জগতের অন্যতম মোড়ল টিম অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ সাক্ষী হয়েছে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণের, যেখানে বাঘের থাবায় লুটিয়ে পড়েছে ক্যাঙ্গারুর দল। বিশ্বক্রিকেটের একমাত্র খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান অর্জন করেছেন টি-টুয়েন্টিতে ১৫০০+ রান এবং ১০০+ উইকেট শিকারের গৌরব; সেইসঙ্গে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ যেন ভাগ্যদেবতা স্বয়ং উপবিষ্ট হয়েছেন টাইগারদের সামনে রেকর্ডের ফুলঝুরি হাতে। 

একটা সময় ছিল যখন অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে কোনো সিরিজ আয়োজন করত না, শুধু নিজেদের দাম্ভিকতার প্রদর্শনের জন্য। আজ সেই অস্ট্রেলিয়াকে তাদেরই ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জা পাইয়ে দিয়েছে বাংলার টাইগাররা, যেখানে তারুণ্যের শক্তি বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশের জন্য। জিম্বাবুয়ে সফরে বিজয়ী হওয়ার যে নেশা চেপে বসেছে, তা অস্ট্রেলিয়ার সঙ্গেও জিইয়ে রেখেছে টাইগাররা। আশা করি, নিউজিল্যান্ডের সঙ্গেও এমনই জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ। শুভ কামনা থাকল টাইগারদের জন্য। বিশ্বজয়ের মহড়ায় বীরদর্পে এগিয়ে যাক বাংলাদেশ, লাল-সবুজের পতাকা যেন নিজেই পরিচয় দিতে পারে ‘আমিই বাংলাদেশ’!

সৈয়দ মো. জাহেদুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়