বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য উপভোগ্য ছিল সিরিজটি। শক্তিশালী অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে লুটিয়ে পড়তে দেখাটা সমর্থকদের জন্য আনন্দেরই বটে। বাংলাদেশের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বোলারদের দাপটে ঠাসা সিরিজটা ইতিহাসের পাতায় অনেক সংযোজন এনেছে। রেকর্ড হয়েছে অনেকগুলো। ব্যাটসম্যানদের রানের হাহাকারই বেশি দেখা গেছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সবচেয়ে কম রানের রেকর্ডটা এখন সদ্যসমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দখলে। সব ম্যাচ মিলে দুই দল সাকুল্যে ১ হাজার ১২০ রান তুলেছে। টি-২০ ইতিহাসে পাঁচ ম্যাচের সিরিজে এটা সর্বনিম্ন রানের রেকর্ড। সর্বশেষ রেকর্ডটা ছিল ১ হাজার ৫৯৪ রান। চলতি বছরেই ক্যারিবিয়ানে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৫ ম্যাচে এই রান হয়েছিল।
ওভার প্রতি সবচেয়ে কম রান এসেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে। ৫.৮৫ রান ছিল ওভার প্রতি। এর আগে সর্বনিম্ন ছিল আয়ারল্যান্ড-কেনিয়া সিরিজে। ২০১২ সালে দুই দলের তিন ম্যাচের সিরিজে ওভার প্রতি ৬.১১ হারে রান উঠেছিল।
তবে একটা তালিকায় শীর্ষে উঠতে পারেনি এ সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজে গড়ে ১৪.৭৩ রানে একটি উইকেট পড়েছিল। যা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে চলতি বছরে বেলজিয়াম-মাল্টা সিরিজে। পাঁচ ম্যাচের সিরিজে গড়ে ১৪.৬১ রান খরচ হয়েছে উইকেট প্রতি।
পঞ্চম ম্যাচে করা ৬২ রানই টি-২০ তে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে সর্বনিম্ন ছিল ৭৯ রান, ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে। বাংলাদেশের বিরুদ্ধে এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়নি। ২০১৪ সালে মিরপুরেই ৭২ রানে আফগানিস্তানকে অলআউট করেছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া শেষ ম্যাচে খেলেছিল ১৩.৪ ওভার, মানে ৮২ বল। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে এত কম সময়ে কখনোই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়নি।
টি-২০ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বোলার হিসেবে এ ফরম্যাটে ১০০ উইকেট পেলেন তিনি। সিরিজ শেষে সাকিবের উইকেট সংখ্যা ১০২। তার সামনে আছেন শুধু লাসিথ মালিঙ্গা। লঙ্কান এ পেসারের ঝুলিতে আছে ১০৭ উইকেট। সিরিজের পঞ্চম ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৬০ রানে। রানের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাওয়া ৭১ রানের জয়টাই শীর্ষে।
সেরা পাঁচ ব্যাটসম্যান
নাম ম্যাচ রান
মিচেল মার্শ ৫ ১৫৬
সাকিব আল হাসান ৫ ১১৪
আফিফ হোসেন ৫ ১০৯
মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ৯১
নাঈম শেখ ৫ ৯১
সেরা পাঁচ বোলার
নাম ম্যাচ উইকেট
জশ হ্যাজেলউড ৪ ৮
নাসুম আহমেদ ৫ ৮
মুস্তাফিজুর রহমান ৫ ৭
শরীফুল ইসলাম ৪ ৭
সাকিব আল হাসান ৫ ৭