বাংলাদেশে আসছেন না উইলিয়ামসনরা

নিউজিল্যান্ডের দল ঘোষণা

 স্পোর্টস রিপোর্টার

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। অথচ বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত দলটাতে নেই বিশ্বকাপ খেলবেন এমন কোনো ক্রিকেটার। বিশ্বকাপ দলের সবাইকে বাদ দিয়ে টম ল্যাথামের নেতৃত্বে এক ঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটারে গড়া দল বাংলাদেশে পাঠাচ্ছে নিউজিল্যান্ড।  পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। দিবারাত্রির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে, জৈব সুরক্ষা বলয় ও ক্রিকেটারদের পরিশ্রম, মানসিক ধকলের কথা ভেবেই এমন দল গড়া হয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। দুই সফরের দল একই। ১৮ বছর পর পাকিস্তানে ব্ল্যাক ক্যাপসরা। সফরে তিন ওয়ানডে ও পাঁচ টি-২০ খেলবে তারা। তবে টি-২০ সিরিজের সময় গাপটিল, চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টড অ্যাস্টল ও ইশ সোধি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিবেন। দুটি সিরিজের দলে উইলিয়ামসনদের রাখেনি দেশটির বোর্ড। টি-২০ বিশ্বকাপের পর ভারত সফরে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড।