অনুশীলনে মুশফিক-মুমিনুলরা

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সোমবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের মুহূর্ত তখন টিভি পর্দায় সম্প্রচার হচ্ছিল। বাসার ড্রয়িংরুমে ছেলে মায়ানকে নিয়ে তোলা ছবিতে সেই মুহূর্ত ধারণ করেছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ানদের কঠিন শর্তের কারণে সিরিজটা খেলা হয়নি অভিজ্ঞ এ ব্যাটসম্যানের। তারপরও বাংলাদেশ সিরিজ জিতেছে ৪-১ এ।

সিরিজের কারণে মাঠমুখী হওয়ার সুযোগ ছিল না কারো। সিরিজ শেষ হতেই গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েছেন মুশফিক। ইনডোরে ব্যাটিং করেছেন তিনি। কার্যত নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিই শুরু করেছেন অভিজ্ঞ এ উইকেটকিপার-ব্যাটসম্যান। গতকাল অনুশীলনে মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহীদুল ইসলাম। উল্লেখ্য, পারিবারিক কারণে ওয়ানডে, টি-২০ সিরিজ না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছিলেন মুশফিক। পরে বাধ্যতামূলক ১০ দিন কোয়ারেন্টাইনের শর্ত পূরণ করতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি তার।