অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে আগুয়েরো

ম্যানচেস্টার সিটিতে শেষ দুটি মৌসুমে ইনজুরির কারণে মিস করেছেন অনেক ম্যাচ। নতুন ক্লাব বার্সেলোনাতে এসেও ইনজুরি পিছু ছাড়ল না আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর। কাফ ইনজুরির কারণে অন্তত ১০ সপ্তাহের জন্য ছিটকে  গেছেন তিনি। যার কারণে, অক্টোবরের  মাঝামাঝি সময়ের আগে তাকে মাঠে পাচ্ছে না বার্সেলোনা। অনুশীলন করার সময় গত রবিবার পায়ে ব্যথা অনুভব করেন আগুয়েরো। তাই তাকে ছাড়াই গাম্পার ট্রফিতে জুভেন্তাসের বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। আগুয়েরোর ইনজুরি নিয়ে বার্সা কোচ রোনাল্ড কুম্যান বলেন, ‘এটা দুঃখজনক যে সে ইনজুরিতে পড়েছে। তার সুস্থ হয়ে উঠার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তবে আমরা একধাপ পেছনে চলে গেছি। কারণ সে খুব ভালোই অনুশীলন করছিল।’