প্রধানমন্ত্রীর পিএ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএ), বিশেষ সহকারী, প্রধান তথ্য কর্মকর্তা, একটি টেলিভিশনের ১০ ভাগ শেয়ারের মালিকসহ বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, গাজীপুরের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, বিশেষ সহকারী, প্রধান তথ্য কর্মকর্তাসহ এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার, একটি বেসরকারি টেলিভিশনের জয়েন্ট ডিরেক্টর তথা ১০ শতাংশ শেয়ারের মালিক, বেঙ্গল গ্রুপের পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক (প্রশাসন), আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী এক প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার গোপন সংবাদ পাওয়া যায়। তার ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্্ব থানার এরশাদনগরের চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি এডিট করে বসিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারণা করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা, মাদক, প্রতারণা ও ভুয়া কর্মকর্তা উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।