ডেঙ্গু শূন্যের কোঠায় আনতে প্রচেষ্টা চলমান :আতিক

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা রাজধানীর মোট আক্রান্তের মাত্র ২০ শতাংশ হলেও শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত সর্বশেষ চিরুনি অভিযান-সংক্রান্ত বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরার সময় তিনি এ কথা বলেন। মেয়র বলেন, চলতি বছরের ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ১০ হাজার ৯১টি স্থাপনা পরিদর্শন করে ৯৬৩টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত মোবাইলকোর্টের মাধ্যমে ২৩৬টি মামলায় ৪৮ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ২৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়। মেয়র বলেন, নিজেদের সুস্থতার জন্যই সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ডিএনসিসি এলাকায় এখনো ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে। তিনি  বলেন, বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহূত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি অব্যবহূত এসব জিনিস নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমাদানকারীকে পুরস্কৃত করার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।