ইত্তেফাক রিপোর্ট
পরীমনি ইস্যুতে চাঁদাবাজিতে নাজেহাল হয়ে গুলশান থানায় সাধারণ ডায়ারি (জিডি) করেছে সিটি ব্যাংক। ব্যাংকের পক্ষে হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান এই জিডি করেন। সেখানে তিনি বলেছেন, মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে।
গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, বিষয়টি অবগত। জিডিতে শওকত হাসান লিখেছেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক জন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে দি সিটি ব্যাংক লিমিটেডের এক জন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এই তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থান্বেষী, প্রতারক ও চাঁদাবাজ বিভিন্নভাবে ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।