ইত্তেফাক রিপোর্ট
সাভারে জুয়ার আসর থেকে ছাত্রলীগের সাবেক নেতা মোক্তার হোসেনকে তার ৯ সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নামাবাজার এলাকার বাশপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১৩ লাখ টাকা এবং আট ক্যান বিয়ার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো সাভারের নামাবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, কামরুল হাসান, সুজন মিয়া, হামিদুর রহমান, আলম, তফিজ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন, আব্দুর রহিম খোকন, মনির হক, শামসু মিয়ার ছেলে মুক্তার হোসেন এবং রাসেল মিয়া।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত ওসি কাজী মাইনুল ইসলাম জানান, নিজের বাসায় নিয়মিত জুয়ার আসরের আয়োজন করত মোক্তার হোসেন। সোমবার রাতেও জুয়ার আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোক্তারসহ তার ৯ সহযোগীকে গ্রেফতার করে র্যাব। গতকাল আসামিদের জুয়া ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সাভার পৌরসভার ঘোষপাড়ায় জাতীয় পার্টির নেতা এ কে আজাদ রশিদ হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলা ও অন্যান্য মামলার আসামি মোক্তার হোসেন।