করোনাকালে বিএনপি মিথ্যাচার ছাড়া কিছুই করছে না :নাছিম

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে বিএনপি বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই করছে না। গতকাল তুরাগ থানার নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত তুরাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বললেন তারা ২ কোটি মানুষকে করোনার সময় সাহায্য করেছেন। তারা কোথায় সাহায্য করেছেন? তারা ঘরে বসে বিবৃতি দেওয়া, বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা ছাড়া কিছুই করছেন না। তাদের আরেক নেতা রুহুল কবির রিজভী মিথ্যার বাক্স নিয়ে বসে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত।

তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ বক্তব্য রাখেন।