শরীয়তপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, নির্মাণ শ্রমিকের মৃত্যু

শরীয়তপুর-নড়িয়া সড়কে নির্মাণাধীন কালভার্টের বেইলি সেতু ভেঙে একটি ট্রাক খাদে পড়ে গেলে ট্রাকের চাপায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু এবং অপর চার ব্যক্তি আহত হন। গতকাল মঙ্গলবার সকালে ঐ সড়কের সদর উপজেলার কুরাশি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিহত শ্রমিক নয়ন ব্যাপারী ও আহত মজিবুর রহমান, আবু তাহের ও ছবেদ খান শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা।

জানা যায়, শরীয়তপুর-নড়িয়া সড়কের কুরাশি, বালাখানা ও চান্দনি এলাকায় তিনটি কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় জেলা সড়ক ও জনপথ বিভাগ। চলাচলের বিকল্প হিসেবে দুই মাস আগে কুরাশি এলাকার কালভার্টে একটি বেইলি সেতু স্থাপন করা হয়। গতকাল সকাল ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নড়িয়ায় যাওয়ার পথে ঐ বেইলি সেতুতে উঠলে তা ভেঙে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি সেখানে কর্মরত নির্মাণশ্রমিকদের চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। তবে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নয়ন ব্যাপারী নামের এক ব্যক্তি মারা যান।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সড়ক সংস্কারের কাজ চলায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেখানে বেইলি সেতু স্থাপন করা হয়। পাথরবোঝাই ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। অস্থায়ী বেইলি ব্রিজটি ট্রাকটিকে ধারণ করতে পারেনি, তাই ভেঙে পড়ে। ঐ স্থানে বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

শরীয়তপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল মীর বলেন, খাদে পড়া ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।