বরিশাল সিটি করপোরেশনের ৪১৫ কোটি টাকার বাজেট

নতুন কোনো করারোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ১৯তম বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকা। এই বাজেট মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তৃতীয় বাজেট। গতকাল মঙ্গলবার বিকালে জুম অ্যাপে ভার্চুয়াল সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু। বরিশাল সিটি করপোরেশনের ফেসবুক পেজ থেকেও বাজেট অনুষ্ঠান প্রচার করা হয়। ঘোষিত বাজেটে নিজস্ব বিভিন্ন উত্স থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা। সরকারি অনুদান (রাজস্ব) ৯ কোটি ৮১ লাখ ১ হাজার ৯৬০ টাকা। সরকারি থোক বরাদ্দ ২০ কোটি টাকা এবং সরকারি বিশেষ অনুদান ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এছাড়া সরকারি ও দাতা সংস্থার সাহায্য হিসেবে ২১১ কোটি ১২ লাখ ২১ হাজার ৪৩১ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সড়ক, ড্রেন, ব্রিজ, কালভার্ট, পুকুর ও খাল সংরক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ৯৯৮ টাকা, করোনা মোকাবিলায় ৬ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৩৬ কোটি ১৫ লাখ টাকা, পানি-বিদ্যুত্ ও পরিবহন খাতে ১৯ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪৮ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আনুতোষিকসহ ৪১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ৫ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৩৩ টাকা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি খাতে ৩ কোটি ৬৩ লাখ টাকা। ভার্চুয়াল এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক প্রমুখ বক্তৃতা করেন।