সিআরবিতে প্রকৃতি ধ্বংস করে যারা হাসপাতাল করতে চায় তারা দেশের শত্রু ------------ ড. অনুপম সেন

কালচার অ্যান্ড হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের যারা পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন। সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের  চেয়ারম্যান ড. সেন বলেন, সিআরবি রক্ষায় চট্টগ্রামের মানুষ, তথা সারা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। হাসপাতাল হোক সেটা আমরা চাই। তবে সেটা কোনোভাবেই সিআরবিতে নয়। সিআরবিতে হাসপাতাল নির্মাণের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহতের  ঘোষণা দিয়েছেন প্রফেসর ড. অনুপম সেন।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিআরবি থেকে প্রস্তাবিত হাসপাতাল ও কলেজ নির্মাণ প্রকল্প অন্যত্র স্থানান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নাগরিক সমাজ, চট্টগ্রামের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিবিদ মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, প্রফেসর  মো. হোসাইন কবির, পরিবেশবিজ্ঞানী ড. ইদ্রিস আলী, যুগ্ম-সদস্যসচিব কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, নাট্য ব্যক্তিত্ব সাইফুল ইসলাম বাবু, অ্যাডভোকেট ইফতেখার                সাইমুল চৌধুরী, বিএফইউজে যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, কার্যকরী সদস্য চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পরিবেশবিদ শরীফ চৌহান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি ও সাংবাদিক শুকলাল দাশ।