বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার অবসরকালীন ছুটিতে থাকা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদী হয়ে বৈদেশিক সাহায্য সংস্থা ডানিডা প্রকল্পের ঠিকাদার মো. ফিরোজ আলম জোমাদ্দারসহ ১৬ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের হয় বলে জানান মামলায় বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান। তিনি আরো জানান, আগে শুধু রাজধানীতেই সাইবার ট্রাইব্যুনাল ছিল। গত জুলাই মাসে ঢাকার বাইরে বরিশালসহ আটটি বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে গতকাল প্রথমবারের মতো একটি মামলা দায়ের হলো।