দুই ডোজে আলাদা কোম্পানির টিকা পেলেন গাইবান্ধার মোস্তাফিজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাকেন্দ্রে মোস্তাফিজুর রহমান সাদা (৫৬) নামে এক ব্যক্তিকে দুই ডোজে দুই ধরনের টিকা প্রদানের অভিযোগ উঠেছে। প্রথমে গত ১৪ জুলাই তাকে সিনোফার্মের টিকা দেওয়া হয় এবং গতকাল মঙ্গলবার দ্বিতীয় ডোজে দেওয়া হয় অ্যাস্ট্রাজেনেকা। 

টিকা প্রদানকারী ব্রাদার (সেবক) আবু তাহের জানান, প্রচণ্ড ভিড়ের কারণে এই ভুলটি হয়েছে। সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম জানান, তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই। এই ব্যক্তিকে আবারো এক মাস পর অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। অথাৎ সিনোফার্মের প্রথম ডোজ টিকা এখন অকার্যকর হয়ে পড়বে।

 

গাইবান্ধার সিভিল সার্জন আ.ক.ম আখতারুজ্জামান স্বাস্থ্যকর্মীর অবহেলার কথা স্বীকার করেন। তিনি বলেন, এটিতো হওয়ার কথা নয়। আমরা টিকা দেওয়ার জন্য পৃথক বুথ করে দিয়েছি। হয়তো ভিড়ের কারণে এই ভুল হতে পারে। তবে এতে রোগীর কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কেননা টিকার বেসিক উপাদান প্রায় সবই প্রায় এক। তারপরও আমরা রোগীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখবো। 

টিকাগ্রহণকারী মোস্তাফিজুর জানান, গত ১৪ জুলাই সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা কেন্দ্রে তাকে প্রথম ডোজ সিনোফার্ম টিকা দেওয়া হয়। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মোবাইল ফোনে বার্তা পেয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে যান। এসময় ওইখানে কর্মরত ব্রাদার (সেবক) আবু তাহেরকে তার টিকা কার্ডটি দিলে তিনি তাকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করেন। পরে টিকা প্রদান কার্ডে টিকার নাম লেখার পর বিষয়টি তিনি টের পান।

ইত্তেফাক/এএইচপি/এসএ