গাজীপুরে ইয়াবা বিক্রির টাকা না দিতে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে গাজীপুরে বিক্রি করতে আসা এক অজ্ঞাত পরিচয়ের যুবককে (৩০) শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে মাছের খামারে ফেলে দেওয়া হয়। গত ২৯ মার্চ এ হত্যাকাণ্ড ঘটলেও ঘটনার চার মাস পর গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে গ্রেফতার করা হলেও নিহত ঐ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক এ কে এম রেজাউল করিম জানান, গত ২৯ মার্চ গাজীপুরের জয়দেবপুর থানার চিলনী বিলে পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পর দিন অজ্ঞাত আসামি করে সদর পুলিশ ফাঁড়ির এসআই ননী গোপাল সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পিবিআই মামলাটির ছায়া তদন্ত করছিল।
মামলার তদন্তে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কামারিয়া এলাকার সাদত আলী মোল্লার ছেলে শিমুল মোল্লা (৩০) ও একই এলাকার রুস্তম খানের ছেলে শরীফ খানের (২৮) নাম উঠে আসে। পরে গত ৫ আগস্ট তাদের কামারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। গত সোমবার গাজীপুর আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিমুল।