আফগানিস্তানের সপ্তম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

আফগানিস্তানের সপ্তম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান। গতকাল মঙ্গলবার পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের ফারাহ শহর দখল করে তালেবান। স্থানীয় আইনপ্রণেতা আবদুল নাসরি এবং প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবু বকর এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে শুক্রবার থেকে সাতটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালেবান। দেশটিতে মোট ৩৪টি প্রদেশ রয়েছে।  এদিকে তালেবানের হামলায় প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহর। হামলার আশঙ্কায় সেখানকার কনস্যুলেটও বন্ধ করে দিয়েছে ভারত। এর মধ্য দিয়ে আফগানিস্তানে ভারতের সব কনস্যুলেটই বন্ধ হয়ে গেল। এখন রাজধানী কাবুলে কেবল ভারতের দূতাবাস কার্যকর রয়েছে। গতকাল ভারত নিজেদের কূটনীতিক ও নাগরিকদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনতে একটি সামরিক বিমানও পাঠানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশেষ ফ্লাইটে তাদের বাড়ি ফেরার আহ্বান জানিয়েছে ভারত সরকার। —আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকা