আহমেদাবাদে সবরমতী আশ্রম। মোহনদাস করমচাঁদ গান্ধীর স্বপ্নের ও আদর্শ রূপায়ণের স্থান। এখানে থেকেই সাধারণ জীবনযাপন, স্বাবলম্বী হওয়ার চেষ্টা, হরিজনদের মর্যাদা দেওয়া এবং স্বাধীনতার আন্দোলন পরিচালনার কাজ করেছেন মহাত্মা গান্ধী। সেই আশ্রমের হেরিটেজ বাড়িগুলোকে ছেড়ে দিয়ে বাকি অনেকগুলো ভবন ভেঙে দিয়ে অত্যাধুনিক মিউজিয়াম, চওড়া রাস্তা, পার্কিং ও অন্য সুবিধা গড়ে তোলার পরিকল্পনা করেছে গুজরাট সরকার। ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করে নতুনভাবে গড়ে তোলা হবে আশ্রমকে।
গুজরাটের মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কে কৈলাশনাথন বলেছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সরাসরি ও কড়া তত্ত্বাবধানে কাজ হচ্ছে। গান্ধীর জীবন ও ভাবনাকে উপযুক্ত সম্মান ও শ্রদ্ধা জানানো হবে। সবরমতী আশ্রমের ৫৪ একর জমিতে মোট ১৭৭টি অবকাঠামো আছে। এর মধ্যে ৬৫টি হেরিটেজ ভবন। সেগুলো বাদ দিয়ে বাকি ১০২টি ভবন ও কাঠামোর অনেকগুলোই ভাঙা হতে পারে। নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, কোনোভাবেই সবরমতী আশ্রমের পরিবর্তন করা উচিত নয়। কারণ, এর সঙ্গে ইতিহাস, সংস্কৃতি, গান্ধীজির স্মৃতি জড়িয়ে আছে। তিনি অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন এবং এই পরিকল্পনা বাতিল করতে বলেছেন। দেশটির ১৩০ জন বিশিষ্ট মানুষ একটি বিবৃতি দিয়ে এই প্রক্রিয়া বন্ধ করতে বলেছেন। —ডয়চেভেলে