বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি বিশেষ টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল’ প্রচার হবে ১৫ আগস্ট

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র ১৫ আগস্টকে বিষয় করে নির্মাণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১২৫ পৃষ্ঠার বিষয়বস্তু নিয়ে টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল’।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাত ৯টায় এ টেলিফিল্মটি প্রচার করবে এই কেন্দ্র। দেওয়ান হামিদুজ্জামান বাচ্চুর সংলাপে এবং অরিন্দম মুখার্জী বিংকুর চিত্রনাট্য ও প্রযোজনায় নির্মিত হয়েছে এই বিশেষ টেলিফিল্ম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য। অরিন্দম বলেন, বর্তমান  প্রজন্ম ও আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে মূল বিষয়বস্তুর বক্তব্যকে কেন্দ্র করে তার মধ্যে কিছু কল্পনা ঢুকিয়ে একটি গল্প তৈরি করে দেশের ইতিহাস তুলে ধরাই মূল লক্ষ্য। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মিখাইল মোহাম্মদ রফিক, সাজ্জাদ ভূঁইয়া, আলী, শামীমা আক্তার, সানজিদা আলম, চম্পা প্রমুখ।