যৌন কেলেংকারির ঘটনায় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো। গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। কুওমো জানিয়েছেন, ১৪ দিনের মধ্যে তার পদত্যাগ কার্যকর হবে। তার স্থলে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল যিনি একজন ডেমোক্র্যাট। এই প্রথম কোনও নারী গভর্নর পাচ্ছে নিউ ইয়র্ক। খবর লস অ্যাঞ্জেলস টাইমসের
ভিডিও বার্তায় কুওমো বলেন, সবচেয়ে ভাল উপায় আমি সরে গিয়ে সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ দেওয়া। আমি সেটাই করলাম। যদিও ৩ আগষ্ট নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল কুওমোর বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণের ঘোষণা দেওয়ার পর পদত্যাগে চাপ বাড়ছিল। তার ঘনিষ্ঠ হয়েও প্রেসিডেন্ট জো বাইডেন পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। বাইডেন বলেছিলেন, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনকি অঙ্গরাজ্যের কয়েকজন ডেমোক্র্যাটসহ বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও গভর্নরের পদত্যাগ দাবি করে আসছেন। কেবল তাই নয়, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হয় তখনই তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেন এবং পদত্যাগ করবেন না বলেও জানান।
গত বছর গভর্নরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ করেন। তদন্তকারীরা প্রায় পাঁচ মাস ধরে প্রায় দু’শজনের জবানবন্দি গ্রহণ করেন। এদের মধ্যে কয়েকজন গভর্নরের সহকর্মীও ছিলেন। তদন্তে প্রমাণ হয়েছে ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন নিউ ইয়র্কের গভর্নর। তদন্তে দেখা গেছে, যৌন সুবিধা পাওয়ার অনাকাঙ্ক্ষিত চেষ্টা করেছেন গভর্নর। অনেক নারীকে চুম্বন করেছেন। তাদেরকে আলিঙ্গন করেছেন এবং অনভিপ্রেত মন্তব্যও করেছেন।